ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপা – DUPAA) এর উদ্যোগে ইফতার মাহফিল ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবনের মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫৫০ জন ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডুপা’র সভাপতি হিসেবে অধ্যাপক ডা. সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. শিমুল হালদার নির্বাচিত হন।
ডুপা’র ইফতার মাহফিল ও দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সবার কাছে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। ইফতারের পর মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের আন্তরিক পরিবেশ আরও গভীর হয়। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে উপস্থিত ফার্মাসিস্টরা পারস্পরিক আলাপচারিতা ও মতবিনিময়ে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন প্রবীণ সর্বস্তরের বরেণ্য ফার্মাসিস্টদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে ডুপা’র ৬০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই আয়োজন সফল করতে সংগঠনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
ডুপা’র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ফার্মাসিস্টদের মধ্যে পেশাগত বন্ধন, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


