যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন আইসিটি উপদেষ্টার

ওয়ালটন সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত এসব পিসিবিএ দেশটির বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম ও প্রযুক্তিনির্ভর ডিভাইসে ব্যবহৃত হবে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে ওয়ালটন।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশে উৎপাদিত উচ্চপ্রযুক্তির মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) যুক্তরাষ্ট্রে রপ্তানির নতুন মাইলফলক অর্জন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে পিসিবিএ রপ্তানির শিপমেন্ট উদ্বোধন করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ যৌথভাবে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটন সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত এসব পিসিবিএ দেশটির বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম ও প্রযুক্তিনির্ভর ডিভাইসে ব্যবহৃত হবে। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে ওয়ালটন।

অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন এবং প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। পরে তারা মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

ওয়ালটনের আধুনিক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর শিল্প অবকাঠামো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখে মুগ্ধতা প্রকাশ করেন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা। তারা দেশীয় হাই-টেক শিল্পের বিকাশে ওয়ালটনের অবদানের প্রশংসা করেন এবং প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভূমিকার স্বীকৃতি দেন।

বক্তারা বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ এবং উচ্চমূল্যের প্রযুক্তিপণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তি বাজারে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে। ওয়ালটনের এ অর্জন দেশের প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি