ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আধুনিক ডিজিটাল আর্কাইভ চালু

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা পাঠ্যক্রম, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রকল্প ও গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও রেফারেন্স সংগ্রহ করতে পারবে এ প্ল্যাটফর্ম থেকে। একই সাথে আন্তর্জাতিক মানের জার্নাল ও গবেষণা প্রকাশনার মাধ্যমে শিক্ষকদের পাঠদান, কোর্স পরিকল্পনা, গবেষণা ও একাডেমিক তত্ত্বাবধানে নতুন সুযোগ সৃষ্টি হবে।

নয়া দিগন্ত অনলাইন

উচ্চশিক্ষায় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ করতে আধুনিক ডিজিটাল আর্কাইভ চালু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এ ডিজিটাল আর্কাইভে একাডেমিক তথ্য ও গবেষণাসামগ্রীর সমৃদ্ধ সংগ্রহ রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল আর্কাইভে ৩ হাজারের বেশি ই-বুকের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, প্রবন্ধ ও ডিজিটাল প্রকাশনা সংযোজন করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা একই প্ল্যাটফর্ম থেকে সহজেই নির্ভরযোগ্য একাডেমিক তথ্য ব্যবহার করতে পারবেন।

ডিজিটাল আর্কাইভের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পৃথক ইউজার প্রোফাইল ও লগইন সুবিধা। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা অ্যাকাউন্টের ব্যবস্থা থাকায় প্রত্যেকে নিজ নিজ প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও সহজভাবে এই সেবা ব্যবহার করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা পাঠ্যক্রম, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, প্রকল্প ও গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও রেফারেন্স সংগ্রহ করতে পারবে এ প্ল্যাটফর্ম থেকে। একই সাথে আন্তর্জাতিক মানের জার্নাল ও গবেষণা প্রকাশনার মাধ্যমে শিক্ষকদের পাঠদান, কোর্স পরিকল্পনা, গবেষণা ও একাডেমিক তত্ত্বাবধানে নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তারা ব্যবস্থাপনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও পেশাগত জ্ঞানসংক্রান্ত বিভিন্ন প্রকাশনা ব্যবহার করে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবেন।

ব্যবহারকারীদের সুবিধার্থে আধুনিক ডেস্কটপ কম্পিউটারসমৃদ্ধ শীতাতপনিয়ন্ত্রিত একটি ডিজিটাল আর্কাইভ রুমও স্থাপন করা হয়েছে। সেখানে নিরিবিলি পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকরা গবেষণা, তথ্য অনুসন্ধান এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ডিজিটাল আর্কাইভ কেবল একটি তথ্যভাণ্ডার নয়; এটি প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন। এ উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য, গবেষণাকে আরও গতিশীল এবং জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিজ্ঞপ্তি