দেশের পর্যটন খাতে আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং জোরদারের লক্ষ্যে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) ২০২৬ এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটফ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বোটফ’র বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ডিরেক্টর বোরহান উদ্দিন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমঝোতা স্মারকে এটিএফ ঢাকার পক্ষে স্বাক্ষর করেন পর্যটন বিচিত্রা-এর সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। বোটফ’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি চৌধুরী হাসানুজ্জামান।
পর্যটন বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা আয়োজিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ সফলভাবে আয়োজন, প্রচার এবং আঞ্চলিক পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে অনুষ্ঠিত হবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬।
সমঝোতা অনুযায়ী, বোটফ এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬-এর সহযোগী সংগঠন হিসেবে যুক্ত থাকবে। পাশাপাশি বোটফ সদস্যরা বিশেষ মূল্যে মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ সহযোগিতার মাধ্যমে বি-টু-বি (বি২বি) নেটওয়ার্কিং সম্প্রসারণ, আউটবাউন্ড পর্যটনের প্রসার, আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের ভাষ্য, এবারের মেলায় আউটবাউন্ড ট্যুরিজমের পাশাপাশি ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস বিশেষ গুরুত্ব পাবে। বিশ্বের ১৫টিরও বেশি দেশের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পর্যটন গন্তব্য প্রচার, বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা আরো জোরদার এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক পর্যটন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বোটফ সদস্যবৃন্দ, পর্যটন শিল্পের পেশাজীবী, বিভিন্ন এয়ারলাইন্স প্রতিনিধি, বিভিন্ন দেশের ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (এনটিও)-এর প্রতিনিধিরা, শিল্পখাতের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



