বাংলাদেশে আলিবাবা ডটকমের অনুমোদিত চ্যানেল পার্টনার স্প্রিংফিল্ড করপোরেশন চট্টগ্রামে তাদের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের রপ্তানিকারক, উৎপাদক, সরবরাহকারী ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার সামার, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র স্পেশালিস্ট (চ্যানেল অপারেশন) ভানিয়া, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ব্রাইস, সার্ভিস ও অ্যাকাউন্ট ম্যানেজার টিনা, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সনোবার মায়রা। এছাড়া স্প্রিংফিল্ড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ, পরামর্শক সাজিদ বিন সুলাইমান, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজবী করিম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার উম্মা রোকেয়া নিশাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে স্প্রিংফিল্ড করপোরেশন বাংলাদেশের ব্যবসায়ীদের আলিবাবা ডটকমের বৈশ্বিক বিজনেস-টু-বিজনেস (B2B) প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করবে। বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের ক্রেতা-বিক্রেতাদের সংযুক্তকারী এ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও সেবা আরও কার্যকরভাবে উপস্থাপন করতে পারবেন।
প্রাথমিকভাবে টেক্সটাইল ও অ্যাপারেল খাতকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হলেও পর্যায়ক্রমে পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বক্তারা বলেন, চট্টগ্রাম অফিস চালুর ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে আরও সহজে প্রবেশের সুযোগ পাবে। এটি দেশের রপ্তানি খাতের বিকাশ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল ট্রেড বৈশ্বিক ব্যবসার অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। তাই বাংলাদেশের উদ্যোক্তাদের এ সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্প্রিংফিল্ড করপোরেশনের চট্টগ্রাম অফিস উদ্বোধন দেশের রপ্তানি ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করা, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং বৈশ্বিক বাণিজ্যের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি



