বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

গত ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ২০১ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এস. এম. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক, বিসিক জেলা কার্যালয় রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান এবং শিল্পনগরী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

প্রশিক্ষণ কর্মসূচির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেন। কোর্স সমন্বয়ক ছিলেন বিটিআই-এর সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা ও মো. জুবায়ের ইসলাম।

গত ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজনেস আইডিয়া উপস্থাপন। প্রশিক্ষণার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা অতিথিদের সামনে উপস্থাপন করেন। উপস্থাপিত ধারণাগুলোর মূল্যায়ন শেষে একটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা বিকাশ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষিত তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন, বিসিক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ এ উদ্যোগ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে, তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি