শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় তিন মাসের প্রশিক্ষণ শেষে প্রথম ধাপে ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেয়া হয়েছে।
রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। এর মধ্যে ৪৪ জন শিক্ষিত-বেকার তরুণ বুধবার দুপুরে বিদেশের উদ্দেশে দেশ ছাড়েন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিনা খরচে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের এমন সুযোগ মানবিক ও প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারও আর্থিকভাবে স্বাবলম্বী হবে। একই সঙ্গে তাদের পাঠানো প্রবাসী আয় দেশের অর্থনীতি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যা অনেক পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। আবার বিদেশে যাওয়ার আশায় দেশের হাজারো যুবক দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন। অনেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশে গিয়ে নির্যাতন ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েন।
তিনি বলেন, ‘এমন বাস্তবতায় শফিকুর রহমান কিরণ তার উপার্জিত অর্থ নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।’
বিদেশগামী যুবকদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে যাওয়ার পর প্রত্যেকের প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান, আত্মনির্ভরতা অর্জন এবং পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করা। একই সাথে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, ‘হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতেই বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের এ উদ্যোগ নেয়া হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা হয়েছে। ২১৬ জনের মধ্যে প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও বিমান টিকিট দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও একই প্রক্রিয়ায় বিদেশে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘আমি যে স্বপ্ন নিয়ে এমপি হয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়ন এবং শরীয়তপুর জেলা ও আমার নির্বাচনী এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, দেশের বেকারত্ব কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের জুনে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় প্রথম ধাপে ৫৩ শিক্ষিত-বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেয়া হয়েছে।



