রাশিয়ার সামার ইনস্টিটিউটে অংশ নেবেন বাংলাদেশী শিক্ষক

রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মস্কো, ওবনিনস্ক ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডইউএমএস) প্রভাষক আব্দুল্লা আল আরাফ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ইলেকট্রোটেকনিক্যাল ইউনিভার্সিটির আয়োজিত সামার ইনস্টিটিউট-২০২৬ (ট্রেইন-দ্য-ট্রেইনার্স প্রোগ্রাম)-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মস্কো, ওবনিনস্ক ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও উদ্ভাবকেরা এ কর্মসূচিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীরা বিশ্বমানের একাডেমিক সেশন, গবেষণাগার পরিদর্শন, ল্যাবভিত্তিক প্রশিক্ষণ এবং গবেষণামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তারা IATE MEPhI, Rosatom Technical Academy এবং Peter the Great St. Petersburg Polytechnic University-তে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আব্দুল্লা আল আরাফ নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপ্রযুক্তিভিত্তিক যুব-নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ ‘ইকোটেক ইনোভেশন’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ২০২৪ সালে ইউনিসেফের Generation Unlimited আয়োজিত imaGen Ventures Youth Challenge-এ তার একটি প্রকল্প বিশ্বের সেরা ১০টি জলবায়ু উদ্ভাবনের তালিকায় স্থান পায়। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরছেন।

আয়োজকদের মতে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বৈজ্ঞানিক প্রকাশনা উৎসাহিত করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন যৌথ গবেষণা প্রকল্প ও আন্তর্জাতিক প্রকাশনায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

জেডএনআরএফ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল্লা আল আরাফের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি গবেষক ও তরুণ উদ্ভাবকদের ক্রমবর্ধমান স্বীকৃতির প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি এবং উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি