দেশের অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) পরিচালিত প্রতিষ্ঠানগুলোর রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালায় নির্ধারিত সীমার বাইরে এসব খাতে বিদেশে অর্থ পাঠানোর অনুমতি দেয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে।
অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় (ডিপিএ) কার্যরত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
তবে নির্ধারিত সীমার বেশি অর্থ বিদেশে পাঠাতে হলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।
এতে আরো বলা হয়, একই ধরনের অন্যান্য বৈধ ব্যয়ের বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও অর্থের পরিমাণ যাই হোক না কেন, বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারের বিধান পর্যালোচনার পর নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
তবে এ ধরনের বিদেশে অর্থ পাঠানোর বিষয় সংক্রান্ত বিদ্যমান অন্যান্য সব বিধান অপরিবর্তিত থাকবে।
সূত্র : বাসস



