বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কোনো হিসাব স্থগিতের আদেশ জারি করলে সংশ্লিষ্ট রিপোর্ট প্রদানকারী সংস্থাকে ওই হিসাবের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সব হিসাবের তথ্যও অবিলম্বে বিএফআইইউকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিএফআইইউর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সব রিপোর্ট প্রদানকারী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।
এতে আরো বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর আলোকে প্রণীত মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(৪) বিধি অনুযায়ী, বিএফআইইউ কোনো হিসাব স্থগিতের আদেশ দিলে সংশ্লিষ্ট সংস্থাকে ওই হিসাবের বর্তমান স্থিতি এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের তথ্য তাৎক্ষণিকভাবে বিএফআইইউকে অবহিত করতে হবে।
বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(ঘ) ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাসস



