ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৩০ বছর ব্যবসা পরিচালনা পূর্ণ করার পর বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে চুক্তি নবায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেড।
নতুন চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি আরো ৩০ বছর ঢাকা ইপিজেডে কার্যক্রম চালাবে।
সোমবার (২৭ এপ্রিল) বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং এক্সপেরিয়েন্স ক্লদিং কোম্পানি লিমিটেডের পরিচালক জুলফিকার মাকসুদ চুক্তিতে সই করেন।
বেপজার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রকৃত বিনিয়োগ এক কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (১৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার)। কোম্পানিটিতে দুই হাজার ৪৮৫ জন বাংলাদেশী কর্মরত আছেন।
চুক্তি নবায়নকে বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ওপর আস্থার প্রতিফলন হিসেবে দেখছে বেপজা।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদি এ নবায়ন দেশের রফতানিমুখী শিল্পখাতে বিদেশী বিনিয়োগ ধরে রাখা ও সম্প্রসারণে ইতিবাচক বার্তা দেবে।
অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানিটির কনসালট্যান্ট এবং বেপজার সাবেক সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
বেপজা সূত্রে জানা গেছে, ইপিজেডগুলোতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ টিকিয়ে রাখতে নীতিগত সহায়তা ও অবকাঠামোগত সুবিধা জোরদারে কাজ চলছে। এ ধরনের চুক্তি নবায়ন সেই প্রচেষ্টারই অংশ। বাসস



