দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সাথে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সাথে এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির |বাসস

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুক্ত বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা খুব শিগগিরই শেষ হওয়ার আশা করা হচ্ছে।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে রফতানি বাজার সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে আরো চার থেকে পাঁচটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং বিদ্যমান বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখতে এফটিএসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মুক্তাদির বলেন, জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরের জন্য আগামী সংসদ অধিবেশনে উপত্থাপন করা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সাথে এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব চুক্তি রফতানি গন্তব্য বহুমুখীকরণে সহায়তা করবে, বিদেশী বিনিয়োগ বাড়াবে এবং এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রূপান্তর আরো সহজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের বাণিজ্য কূটনীতি এবং গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সাথে চলমান আলোচনা রফতানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশের দীর্ঘমেয়াদি রফতানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।

সূত্র : বাসস