পুঁজিবাজারের উন্নয়নে বিএনপি’র নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সাথে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা, সামগ্রিক কার্যাবলী ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়।
এতে পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যদের মধ্যে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখ, মো: সাইফুদ্দিনসহ বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



