প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর

বছরে একবার ৫ হাজার টাকা শুল্কে বিদেশ থেকে আনা যাবে ১০ তোলা ওজনের স্বর্ণবার

নতুন ব্যবস্থায়, শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার আনতে পারবেন।

বিশেষ সংবাদদাতা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) |নয়া দিগন্ত

প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে বছরে একবার পাঁচ হাজার টাকা শুল্ক দিয়ে বিদেশ থেকে আনা যাবে ১০ তোলা ওজনের স্বর্ণবার। এছাড়াও ছয় মাসের বেশি সময় অবস্থানকারী বাংলাদেশীরা কোনো শুল্ক না দিয়েই আনতে পারবে দু’টি নতুন মোবাইল ফোন।

বুধবার (২ জুলাই) এনবিআর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকারি বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশী কোনো শুল্ক-কর না দিয়ে বছরে দু’টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, কোনোরুপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, তোলা প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।

বিদেশ হতে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা প্রদান করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধকল্পে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার আগেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লিখিত পরিবর্তন ব্যতীত ব্যাগেজ রুল সংক্রান্ত অন্যান্য সুবিধাবলি অপরিবর্তিত রয়েছে।

এনবিআর থেকে জানানো হয়েছে, বিদ্যমান ব্যাগেজ রুলস আরো কার্যকর ও যাত্রীবান্ধব করার উদ্দেশ্যে বিগত গত ২ জুন, ২০২৫ জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা ২ জুলাই, ২০২৫ তারিখে কার্যকর হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দফতরগুলোর মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশীদের বাগেজ সুবিধা বৃদ্ধিসহ কতিপয় বিষয় এসআরও নম্বর ৩১২-আইন/২০২৫/১০২/কাস্টমস, তারিখ ০২/০৭/২৫ এর মাধ্যমে সংশোধন করা হয়।