চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম নয় দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
তথ্য অনুযায়ী, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারির ১ থেকে ৯ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসী আয় ছিল ৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম নয় দিনে প্রবাসী আয়ে মাসভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩২ দশমিক তিন শতাংশ।
এছাড়া এককভাবে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সাল পর্যন্ত সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল এক হাজার ৬৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
ফলে ২০২৫-২৬ অর্থবছরের চলতি সময় পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক তিন শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : বাসস



