বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে। আমরা চিন্তাভাবনা করেছি ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাবো। সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী পোর্ট আছে, সেটি আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখে। সেই বন্দরের মতো করে আমরা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো এক জায়গায় এই ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের আয়োজনের ওপর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চৌধুরী আশিক মাহমুদ জানান, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়ম এসেছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে। তিনি আমিরাতের একজন ভিআইপি, এমনকি রাজপরিবারের খুব কাছের লোক। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করেছেন এখানে। তবে তার প্রোগ্রাম ফুল ছিল, এমনকি অনেক দর্শককে আমরা জায়গা দিতে পারিনি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি বিশেষজ্ঞ নিয়ে, বিভিন্ন সহায়তা নিয়ে আমরা ফ্রি ট্রেড জোন করার চেষ্টা করছি। এটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সফরের মূল উদ্দেশ্য ছিল। উনি আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তারপর এই বিষয় নিয়ে আলাপ করবেন।
এসময় তিনি জানান, এবারের সামিটে এমন সাড়া পাওয়া গেছে যে অনেককে জায়গা দেয়া যায়নি। অনেকে জায়গা না পেয়েও এসেছেন বিনিয়োগকারীদের দেখা পেতে। সেজন্য আমরা ভাবছি—আগামী সামিট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিয়ে যাবো। এটার চাহিদা ওখানেই বেশি।
ডিপি ওয়ার্ল্ড একটি বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা, যা ২০০৫ সালে দুবাই পোর্ট অথরিটি এবং দুবাই পোর্টস ইন্টারন্যাশনালকে একত্রীকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বাংলাদেশে বিনিয়োগের জন্য আগামী মাসে ২০০ বিনিয়োগকারীসহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, চীনের বাণিজ্যসচিব আমাকে চিঠি দিয়েছেন। তিনি আগামী মাসে তাদের বাণিজ্যমন্ত্রীসহ প্রায় ২০০ বিনিয়োগকারী নিয়ে বাংলাদেশে আসবেন। ওনারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। ওনারা চান আমরা যাতে আজকের মতো সার্বিকভাবে বাংলাদেশের বিনিয়োগ তথ্য জানাই। তাদের সাপোর্ট দিতে পারলে তারা দ্রুত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
তিনি আরো বলেন, এই ইনভেস্টমেন্ট সামিটের মূল উদ্দেশ্য- বাংলাদেশ সম্পর্কে যে নেগেটিভ ন্যারেটিভ এতদিন ধরে হয়ে আছে, সেটার পজিটিভ টার্ন করানো। আজ জার্মান টিমের সাথে বসেছি। তাদের টিমের ৮০ থেকে ৯০ শতাংশই প্রথমবার বাংলাদেশে এসেছেন। তাদের কাছে জানতে চেয়েছি জার্মান বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য আমাদের আরো কি করা উচিত।
এরই মধ্যে চীনের হানডা কোম্পানির সাথে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
তিনি আরো জানান, সম্মেলনে যে ব্যবসায়ীরা এসেছেন, তারা শ্রমঘন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। তারা টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতের পাশাপাশি বাংলাদেশের কনজ্যুমার মার্কেট ধরার জন্য বিনিয়োগ করতে চান।



