বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।
এনডিবির ইন্ডিয়ান রিজিওনাল অফিসের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায়।
সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক, যানজটমুক্ত ও প্রযুক্তিনির্ভর করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ। একইসাথে তিনি ঋণের শর্তাবলি সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যোগাযোগ খাতের উন্নয়নে এনডিবি বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী। এ খাতে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের যোগাযোগ খাতে এনডিবির অর্থায়নে নতুন প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে ভবিষ্যতে কারিগরি ও প্রযুক্তিগত পর্যায়ে আরো বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এনডিবির ঋণের শর্ত ও অর্থায়নের ক্ষেত্রগুলো সম্পর্কে বিস্তারিত লিখিত প্রস্তাব দেয়ার অনুরোধ জানানো হয়।
সেতু বিভাগের সচিব এ বিষয়ে সেতু বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সূত্র : বাসস



