দাম কমতে পারে যেসব পণ্যে

নির্বাচিত সংসদ না থাকায় সোমবার (২ জুন) তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই বাজেট পেশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
এবারের বাজেটে কিছু পণ্যের দাম কমানো হয়েছে।
এবারের বাজেটে কিছু পণ্যের দাম কমানো হয়েছে। |প্রতীকী ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে অন্তর্বর্তী সরকারের এই বাজেটে।

নির্বাচিত সংসদ না থাকায় সোমবার (২ জুন) তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই বাজেট পেশ করেন। বিকেল ৩টায় বাজেট বক্তৃতা পাঠ করা শুরু করেন অর্থ উপদেষ্টা।

এবারের ব্যতিক্রমটি হলো পেশ করা প্রস্তাবিত বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এর ফলে শুল্ককর কমলে দাম কমতে পারে কিছু পণ্যের। যদি শুল্ক-কর বৃদ্ধি করা হয় তাহলে তার প্রভাব বাজারে খুব দ্রুত পড়ে। কিন্তু দাম কমানোর প্রভাব পড়তে একটু দেরি হয়।

এবারের প্রস্তাবিত বাজেটে বেশকিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। পাশাপাশি কমতে পারে আমদানি করা কিছু পণ্যের দামও।

২০২৫-২৬অর্থবছরের বাজেটে সকল ধরনের আইসক্রিমের ওপর শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে কমবে আইসক্রিমের দাম।

স্থানীয় পর্যায়ে স্যানিটারি ন্যাপকিনের ভ্যাট অব্যাহতি দেয়ায় এই পণ্যেরও দাম কমবে।

প্যাকেটজাত তরল দুধের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। এর ফলে প্যাকেটজাত তরল দুধের দাম কমতে পারে।

বলপয়েন্ট কলমের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়ার কারণে কমবে কলমের দামও।

শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম।

শুল্ক কমানোয় বিদেশি পোশাক, জুতা ও স্যান্ডেলের দাম কিছুটা কমতে পারে।

বিদেশি প্লাস্টিকের তৈজসপত্রেরও শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে কমবে এই পণ্যটির দাম।

সূত্র : বিবিসি