ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম চলবে : এনবিআর

দেশের আমদানি-রফতানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
এনবিআর
এনবিআর |ইন্টারনেট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে কাস্টমস হাউস ও স্টেশনসমূহে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন এড়াতে ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চালু রাখা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে বিষয়টি অবহিত করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব বাণিজ্যিক ব্যাংক, ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

এ নির্দেশনার ফলে ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময়েও দেশের আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং বন্দরভিত্তিক বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।