সাভারস্থ ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার পিভি প্রকল্পের উদ্বোধন করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড।
গুনজে ইউনাইটেড লিমিটেড হলো ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এই রুফটপ সোলার প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিইপিজেডে গুনজে ইউনাইটেড লিমিটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং সম্পন্ন হয়।
মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তুলতে গুনজে ইউনাইটেড তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গেল।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।
শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে কীভাবে কার্যকরভাবে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা যায়, গুনজে ইউনাইটেড লিমিটেডের এই উদ্যোগ তার একটি চমৎকার দৃষ্টান্ত। বাংলাদেশের শিল্পখাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে এই ধরনের প্রকল্প আরো ত্বরান্বিত করবে। বাসস



