চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে (বেপজা ইজেড) তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী উৎপাদন শিল্প স্থাপনে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড।
এ লক্ষ্যে আজ রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বেপজার নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো: তানভীর হোসাইন এবং সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লিয়াং ডিফা স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ বিভিন্ন ধরনের আউটডোর পণ্য উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে তাঁবু, ক্যানোপি, ব্যাগ, ডাফল ব্যাগ, ওয়াটারপ্রুফ ড্রাই ব্যাগ, স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, ত্রিপল, ইনফ্ল্যাটেবল বালিশ ও ম্যাট্রেস, এয়ার পিলো, মশারি, কার্পেট, ম্যাট, ফোল্ডিং চেয়ার এবং বিভিন্ন ধরনের বিন ও বাস্কেট।
এ প্রকল্পের মাধ্যমে প্রায় দুই হাজার ৯৭৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশকে, বিশেষ করে বেপজা ইকোনমিক জোনকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেয়ায় সানশাইন আউটডোরকে ধন্যবাদ জানান। তিনি প্রতিষ্ঠানটির সফল ও নির্বিঘ্ন ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরো বলেন, এ বিনিয়োগ দেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে বেপজার সদস্য (ইঞ্জিনিয়ারিং) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খোরশেদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদিজা পারভীনসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সানশাইন আউটডোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস



