দেশে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে এবং ২০২৫-২৬ অর্থবছরের চলমান সময়ে রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৩০৮ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছরের একই সময়ে (১-২১ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসী আয় ছিল এক হাজার ৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২০ দশমিক ছয় শতাংশ আর ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনে দেশে ১৮২ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৭৪১ মিলিয়ন মার্কিন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ১৭ হাজার ৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
তুলনামূলক হিসাবে চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা অব্যাহত রাখা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের ফলে প্রবাসী আয় প্রবাহে এ ইতিবাচক ধারা বজায় রয়েছে।
সূত্র : বাসস



