আগস্ট মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের খুচরা বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা নির্ধারিত রয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্যও এ মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে আগামী ১ আগস্ট থেকে এসব জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত দামই কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো: এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল পিএলসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি



