দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভূত সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বিশেষ কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জ্বালানি খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
কমিটি দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রণালয় কর্তৃক এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোর ওপর সন্তোষ প্রকাশ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সভায় উপস্থিত কমিটির সদস্যরা দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। বিস্তারিত পর্যালোচনার পর কমিটি সিদ্ধান্ত নেয় যে, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ও টেকসই সুপারিশমালা তৈরির লক্ষ্যে আরো কয়েক দফা বৈঠক করা হবে। এরপর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে জাতীয় সংসদে পেশ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মত সুপারিশমালা চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উচ্চপর্যায়ের এই বৈঠকে কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো: নূরুল ইসলাম বুলবুল, মো: আব্দুল বাতেন, মো: আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) ও মোহাম্মদ আবুল হাসান।
এছাড়াও বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


