ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু

আমদানিকৃত এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।

নয়া দিগন্ত অনলাইন
ডিজেল পাম্পিং শুরু
ডিজেল পাম্পিং শুরু |সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আজ সন্ধ্যায় পাম্পিং শুরু হয়েছে।

আমদানিকৃত এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।

আজ বৃহস্পতিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো: রবিউল আলম বাসসকে জানান, বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ‘এই চালানে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। অর্থাৎ আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল চলে আসবে।’

তিনি আরো জানান, দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে জানিয়েছে, চলতি এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, ইতোমধ্যে আট হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

এর আগে, গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে আসা আট হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয় এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছে। বর্তমানে ওই আমদানিকৃত ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরো সাত হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়। বাসস