জুলাই মাসে রফতানি আয়ে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

গত বছরের একই মাসে (অর্থবছর ২০২৪-২৫) ৩.৮২ বিলিয়ন ডলার রফতানির তুলনায় ২৪.৯০ শতাংশ বেশি।

নয়া দিগন্ত অনলাইন

দেশের রফতানি আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) -এর সর্বশেষ তথ্য অনুসারে, জুলাই মাসে পণ্য রফতানি হয়েছে ৪.৭৭ বিলিয়ন ডলার। যা গত বছরের একই মাসে (অর্থবছর ২০২৪-২৫) ৩.৮২ বিলিয়ন ডলার রফতানির তুলনায় ২৪.৯০ শতাংশ বেশি।

মোট ৪.৭৭ বিলিয়ন ডলার রফতানি আয়ের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আয় হয়েছে ৩.৯৬ বিলিয়ন ডলার, যা ২৪.৬৭ শতাংশ প্রবৃদ্ধি।

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রফতানি ২৬.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.১৭ বিলিয়ন ডলার। ওভেন পোশাক রফতানি ২৩.০৮ শতাংশ বেড়ে ১.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং হোম টেক্সটাইলস খাতে রফতানি আয় ১৩.২৪ শতাংশ বেড়ে ৬৮.০৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এছাড়াও, পাট ও পাটজাত পণ্যে রফতানি আয় ৪.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৪৪ মিলিয়ন ডলার এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১২৭.৩৮ মিলিয়ন ডলার, যা ২৯.৬৫ শতাংশ প্রবৃদ্ধি।

কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯০.৫০ মিলিয়ন ডলার, যা ১২.৮৬ শতাংশ প্রবৃদ্ধি।

হিমায়িত ও জ্যান্ত মাছ রফতানি ৪২.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১.২০ মিলিয়ন ডলার আয় করেছে, এর মধ্যে চিংড়ি রফতানি ৪৭.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১.২৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইঞ্জিনিয়ারিং পণ্যে রফতানি আয় ৭৪.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮.২৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং প্লাস্টিক পণ্যে রফতানি আয় হয়েছে ২১.১৬ মিলিয়ন ডলার, যা ৭.৪১ শতাংশ প্রবৃদ্ধি।