বেতন-বোনাসের দাবি

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, যানজট

লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০ থেকে ২৫০ জন শ্রমিক সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের অবস্থান
রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের অবস্থান |সংগৃহীত

বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কয়েকশ পোশাক শ্রমিক। বুধবার (২০ মে) সকালে এ কর্মসূচির কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০ থেকে ২৫০ জন শ্রমিক সড়কের একপাশ অবরোধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।

পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে যান।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সকালে নাসা গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে তারা প্রধান সড়ক থেকে সরে যান।

তিনি আরও জানান, শ্রমিকদের সাথে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে সমস্যা সমাধানে বৈঠক চলছে।