সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক

আইনের সংঘাতে আসা শিশুকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে

সমাজকর্মের মূল লক্ষ্যই হলো শিশুর সুরক্ষা নিশ্চিত করা। আইনের সংঘাতে জড়িত শিশুদের পুনর্বাসন, সংশোধন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ মোহাম্মদ মাহবুব বলেছেন, আইনের সংঘাতে আসা প্রতিটি শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজকর্মীদের আরো মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসব শিশুকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তাদের প্রতি মমতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) সভাকক্ষে অনুষ্ঠিত কর্মচারীদের জন্য আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্রটির সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রকল্পের পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী সেশনে মহাপরিচালক বলেন, সমাজকর্মের মূল লক্ষ্যই হলো শিশুর সুরক্ষা নিশ্চিত করা। আইনের সংঘাতে জড়িত শিশুদের পুনর্বাসন, সংশোধন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণে আইন, মৌলিক শিশু সুরক্ষা, কাউন্সেলিং এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালিত হয়। সকালে প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখার পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মহাপরিচালক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মোশাররফ হোসেন।

এর আগে দিনের শুরুতে কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খানসহ কর্মকর্তা-কর্মচারীরা আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। প্রশিক্ষণ কর্মশালায় শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মচারীরা অংশগ্রহণ করেন।