ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করে নেন। তারা সবাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

নয়া দিগন্ত অনলাইন
ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা দেয়া হয়
ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা দেয়া হয় |সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামযা বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়মুক্ত শাসন ব্যবস্থা দেখতে চায় ।

তিনি মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদের মধ্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তনের দ্বারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে।

মুফতি আমির হামযা আরো বলেন, একসময়ের সন্ত্রাস কবলিত কুষ্টিয়াকে একটি শান্তির জনপথ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাকে এমপি হিসেবে নির্বাচিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামযা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন, নেত্রকোনা-৫ সংসদ সদস্য মাসুম মোস্তফা।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করে নেন। তারা সবাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মনজারুল আলম মিলন।

বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই, প্রফেসর ডঃ নাসির উদ্দিন মিঝি, প্রফেসর ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, অ্যাডভোকেট গাজী মহসিন, অ্যাডভোকেট আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীরা হামদ-এ বারী তায়ালা, মাহে রমজানের গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।