সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বৈঠক

বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, আধুনিক পানি অবকাঠামো উন্নয়ন, সবুজ জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |সংগৃহীত

চিকিৎসার ফলোআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। চিকিৎসার ব্যস্ততার মধ্যেই দেশের উন্নয়ন ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) সিঙ্গাপুরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমডিটি ইনোভেশন-এর কো-ফাউন্ডার মি. সিম এবং ইনফো টেক-এর প্রতিষ্ঠাতা মি. লাউয়ের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, আধুনিক পানি অবকাঠামো উন্নয়ন, সবুজ জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষির আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের গুরুত্ব তুলে ধরা হয়। বিনিয়োগকারী প্রতিনিধিরা বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, উন্নয়ন সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগও গুরুত্ব পায়। বিনিয়োগকারীরা মত দেন, এসব পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগ মহলে বাংলাদেশের প্রতি আস্থা ও আগ্রহ আরও বেড়েছে। এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ভবিষ্যতে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন, জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রমে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর এবং বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।"