টাস্কফোর্সের অভিযান

গুলশানের রেস্টুরেন্টে এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঢাকা মহানগরকে কেন্দ্র করে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। বুধবারের অভিযান ছিল টাস্কফোর্সের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।

নয়া দিগন্ত অনলাইন

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের অভিযানে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গুলশান ইয়ুথ ক্লাব মাঠসংলগ্ন এলাকায় বিশেষ মশক নিধন ও পরিদর্শন অভিযান পরিচালনা করে। বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ সময় গুলশানের ৭ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা শনাক্ত হলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া পরিদর্শন করা ছয়টি ভবনের মধ্যে তিনটিতে লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেয়া হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ঢাকা মহানগরকে কেন্দ্র করে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। বুধবারের অভিযান ছিল টাস্কফোর্সের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশার লার্ভা ধ্বংসে দীর্ঘমেয়াদি কার্যকর ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। পাশাপাশি নাগরিকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও নিয়মিত তদারকির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।