প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট লেখক মারুফ কামাল খান রোববার ঢাকার মিরপুরে সারাবাংলা ডটনেট কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি সারাবাংলার সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিকের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, পেশাগত চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দুই সম্পাদক আলোচনা করেন। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার ওপর তারা গুরুত্ব দেন।
সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সাবেক তথ্যসচিব মারুফ কামাল খান এ সময় আইসিসি গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দৈনিক সারাবাংলা, সারাবাংলা ডটনেট ও ডিজি বাংলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় আইসিসি গ্রুপের মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, সারাবাংলা ডটনেটের ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, ডেপুটি চিফ সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ, নিউজ এডিটর মেহেদী হাসানসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মারুফ কামাল খান সারাবাংলার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সম্পাদকীয় ও পরিচালন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সারাবাংলার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



