বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তান আমলেও মাজারে এমন হামলা হয়নি, কবর থেকে লাশ তুলে আগুন দেয়া হয়নি।
আজ শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তৌহিদী জনতার নামে কিছু মানুষ মাজার আক্রমণ করছে, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিচ্ছে, এদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।
বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ নয়, সেজন্যই এত হিংসা আর হানাহানি চলছে।
তিনি বলেন, কিছু দল বিএনপিকে ভারতপন্থী বলছে। যারা বলছে, ওরা নিজেরাই বাংলাদেশপন্থী নয়।
রিজভী বলেন, বিএনপি সবসময় বাংলাদেশ ও এর জনগণের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও করবে।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।



