বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব) তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলা করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে আতিকুর রহমান।
মামলার অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো: হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব জানান, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করতে এ মামলা করা হয়, যা আইনবিরোধী। এটি ছিল সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত।’



