জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার : বিরোধীদলীয় নেতা

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও সারের সঙ্কট থেকে মুক্তি চায়। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দেখতে চায়। ২০২৪ সালের গণহত্যা, হাদী হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চায় জনগণ। তারা চাঁদাবাজিরও অবসান চায়।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদাতা

Location :

Mirsharai

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সরকার। দেশের মানুষ বর্তমান সরকারের কাছ থেকে মুক্তি চায়। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে মিরসরাইয়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও সারের সঙ্কট থেকে মুক্তি চায়। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দেখতে চায়। ২০২৪ সালের গণহত্যা, হাদী হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচার চায় জনগণ। তারা চাঁদাবাজিরও অবসান চায়।

ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা কি গ্যাস, বিদ্যুৎ, সার চান? আপনারা কি আইনশৃঙ্খলার উন্নয়ন চান? আপনারা কি ২৪ এর গণহত্যার বিচার চান? আপনারা কি হাদী হত্যার বিচার চান? শাপলা চত্বর গণহত্যার বিচার চান? পিলখানায় সেনা কর্মকর্তাহত্যার বিচার চান? চাঁদাবাজি বন্ধ করতে চান? এসব কি বর্তমান সরকার বন্ধ করতে পারবে? তারা যদি বন্ধ করতে না পারে আমরা এসব বন্ধ করব।

আমরা চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেব। এসব দূর করতে হলে ন্যয় এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করতে হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে আপনাদের সবাইকে এখন থেকে প্রস্তুত হতে হবে। আমরা ১১ দল এবং রাষ্ট্রের জনগণকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফভিত্তিক দেশ প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকুন।

জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জাব্বার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানসহ আরো অনেকে।

এদিকে, লংমার্চে অংশ নেয়া শত শত গাড়ির বহরের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। মিরসরাই বাজার এলাকা অতিক্রম করতে গাড়িগুলোর প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জামায়াত ও ১১ দলীয় জোটের স্বেচ্ছাসেবকরা সড়কে যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন।