বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে আওয়ামী লীগের ভূমিকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মতো ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশমন। জাতির দুশমনদের নিপাত করে একটি সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদ্বার, নৈরাজ্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শহীদ এবং আহতদের মধ্যে সংখ্যায় শ্রমিকেরাই বেশি। স্বাধীনতা-সংগ্রাম থেকে এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান চিরস্মরণীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতীতের কোনো সরকারই কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করেনি। বরং শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছে। শ্রমিকদের জীবন, রক্ত আর ঘাম লেগে আছে বাংলাদেশের মানচিত্রে। শ্রমিকদের আত্মত্যাগ স্বীকার না করলে জাতি হবে অভিশপ্ত। জামায়াতে ইসলামী শ্রমিকদের আত্মত্যাগ স্বীকার করে এবং শ্রদ্ধা করে। আগামীতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক উপস্থাপিত শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। বন্ধ সকল কলকারখানা চালুর উদ্যোগ নেয়া হবে। সকল শ্রেণি-পেশার ভাগ্য উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ দেশের কোনো মানুষের বুকে চাপা কষ্ট থাকবে না। সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশের নাগকির হিসেবে সকলের মুখে হাসি ফুটে উঠবে।’ তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘একটি দল ব্যতীত দেশের প্রায় সব দল জনগণের দাবি পূরণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও সরকার সেই দাবিকে উপেক্ষা করে একটি মাত্র দলকে খুশি করতে যেনতেন একটি নির্বাচন আয়োজনের পথে হাটছে। সরকার যদি জনগণের মুখের ভাষা, চোখের ভাষা বুঝতে চেষ্টা না করে, তবে জনগণ আবারো রাজপথে নেমে আসবে। জনগণ রাজপথে নামলে কারো জন্যই সুখকর হবে না। নির্বাচন কমিশন সরকারের সবুজ সংকেতে ওই একটি দলকেই প্রাধান্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।’
যেখানে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই, জনগণের জানমালের নিরাপত্তা নেই, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নেই, সেখানে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন হবে প্রশ্ন রেখে ড. হেলাল উদ্দিন বলেন, ‘এমন পরিস্থিতিতে নির্বাচন হলে সেটি নামমাত্র একটি নির্বাচন হবে গ্রহনযোগ্য নির্বাচন হবে না। একদিকে নির্বাচনের পরিবেশ নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি, অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনে দেশের ৭১ শতাংশ জনগণের দাবি উপক্ষো করে একটি প্রহসনের নির্বাচন আয়োজন করলে জনগণ সেই নির্বাচন বর্জন করবে। জনগণ নির্বাচনে অংশগ্রহন না করলে শুধুমাত্র একটি দল তাদের মিত্রদের নিয়ে অংশগ্রহন করলে সেটি কখনো গ্রহনযোগ্য নির্বাচন হবে না।’
তিনি আরো বলেন, ‘সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই সময়েই নির্বাচন হতে পারে এতে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সেই সময়ের আগেই জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত করে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। স্বদিচ্ছা, আন্তরিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ব বোধের প্রতি শ্রদ্ধাশীল হলে এসব দাবি এক মাসের মধ্যেই নিশ্চিত করা যায়।’ তাই সরকারকে জুলাই চেতনা ধারণ করে দেশপ্রেমের প্রমাণ দিতে তিনি আহ্বান জানান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: শামছুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে মতিঝিল অঞ্চলের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



