ড. খলিলুর

ইসি শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আশা প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন শিগগিরই পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

নয়া দিগন্ত অনলাইন
যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন ড. খলিলুর
যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছেন ড. খলিলুর |সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ‘সন্তোষজনক’ উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন শিগগিরই পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোনো সমস্যা দেখছি না... যৌথ বিবৃতিতে আমরা উভয় পক্ষই নির্বাচনের বিষয়ে (আমাদের অবস্থান) নিয়ে কথা বলেছি এবং আমরা আশা করি নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।’

ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উভয়েই বলেছেন যে- তারা বৈঠকের ফলাফল নিয়ে খুশি।

এর আগে লন্ডনে তাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি যৌথ বিবৃতি দেয়া হয়।

এতে বলা হয়েছে, তারেক ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারেক রহমান প্রধান উপদেষ্টাকে প্রস্তাব করেছিলেন যে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিশ্বাস করেন ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান উপযুক্ত হবে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি ইতোমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলে ২০২৬ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে, সেক্ষেত্রে সংস্কার এবং বিচারের বিষয়ে এই সময়ের মধ্যে যথেষ্ট অগ্রগতির প্রয়োজন হবে।’

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান। দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’

সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনার পর অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে দুপুর ১টার দিকে লন্ডনের বাসভবন থেকে সভাস্থলের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক শুরু হয় এবং বিকেল ৩টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত চলে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হোটেলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান।