জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিয়েছেন। আপনি কৃষক কার্ড, খামারী কার্ড, এই কার্ড সেই কার্ড দেন। আপনি বছরে ২০টা কার্ড দেন। আর জনগণের হাতে আছে একটি কার্ড। সেটা হলো লাল। জনগণ সেটি দিলে, আপনার আর কোনো কার্ড কাজে আসবে না।
বুধবার (২০ মে) রাতে নাঙ্গলকোট পৌর সদর বাজারে আয়োজিত পথযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আপনার কাছে চেয়েছিলাম জাস্টিস কার্ড। বিচার বিভাগের স্বাধীনতা। আর আপনি ক্ষমতায় এসে সেটিকে কুক্ষিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ আপনাকে লাল কার্ড দেখাবে। সেটি বেশি দূরে নয়।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে এমপির ছেলেও পড়বে, মন্ত্রীর ছেলেও পড়বে, কৃষকের ছেলেও পড়বে। কোনো বৈষম্য থাকবে না।
হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, কোনো বিচার প্রার্থী থানায় গেলে বিএনপির পরিচয় দিলে তাকে চেয়ার দিয়ে চা-বিস্কুট দে। আর যদি ওই বিচার প্রার্থী বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করার জন্য থানায় গিয়ে দেখেন, অভিযুক্ত ব্যক্তি ওসির সাথে বসে চা-বিস্কুট খাচ্ছেন। তাহলে সে আর বিচার পায় না। ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়। এমন বাংলাদেশ চাই নাই আমরা।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনি বলেছিলেন র্যাবকে বিলুপ্ত করবেন। কিন্তু নির্বাচনের পরে সেটি করেননি। অপনারা পুরাতন বোতলে নতুন মোড়ক লাগাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি ঘুমিয়ে আছেন কিনা আমি জানি না। আপনি যদি আসলেই ঘুমিয়ে থাকেন, এ দেশের তরুণ প্রজন্ম ঘুমায় নাই। তারা র্যাড কার্ড নিয়ে রেডি হয়ে গেছে। যেমনি ফুটবল খেলায় দুটি কার্ড আছে। একটি হলো হলুদ কার্ড, আরেকটি লাল কার্ড। অলরেডি আপনারা হলুদ কার্ড খেয়ে ফেলেছেন।
তিনি বলেন, ভারতীয় সীমান্তে আমার ভাইদের কেন গুলি করে হত্যা করা হয়। আমরা তার প্রতিবাদ করতে পারি না কেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জবাব দিন। আপনি গাড়ির গ্লাস নামিয়ে জনগণকে জিজ্ঞেস করুন। জনগণের জন্য কী কাজ করেছেন।
নাঙ্গলকোট উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আরিফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, জয়নাল আবেদীন শিশির, কুমিল্লা সিটি মেয়র প্রার্থী জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লা রহমান, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলা, মহানগর ও উপজেলা সংগঠকরা উপস্থিত ছিলেন।



