হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে র‍্যাব। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং হাদি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নয়া দিগন্ত অনলাইন
দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়
দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় |সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোয় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসাথে মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতার হান্নান চাঁপাইনবাগঞ্জের মো: আবুল কাশেমের ছেলে।

হান্নান এ ঘটনায় জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র‌্যাব।

নির্বাচনী প্রচারণাকালে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে অপারেশন শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।