জ্বালানি তেলের মূল্য আবারো বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে এক দফা জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পর নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলবে।
বিবৃতিতে তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। একই সময়ে বেকারত্ব ও অর্থনৈতিক সংকটও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, জনগণ যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে, তখন পুনরায় জ্বালানির মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরো বাড়াবে। তিনি বলেন, সরকার এর আগে অন্তত চলতি মাসে জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন সিদ্ধান্ত জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, জাতীয় বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যমান অর্থনৈতিক চাপ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষার প্রশ্নে দলটি সবসময় সোচ্চার থাকবে। তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিটি পাঠান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম।



