তথ্য উপদেষ্টা

জুলাই শহীদদের প্রেরণা অনুসরণে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব

বর্তমান প্রজন্মের দায়িত্ব কী, তা স্মরণ করে দেয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান জনস্মৃতিতে রাখা প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম |সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম বলেছেন, জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। যেখানে রাষ্ট্র হবে সবার এবং সকলের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।

সোমবার (৭ জুলাই) শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র 'শ্রাবণ বিদ্রোহ'-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপদেষ্টা এই আশাবাদ ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রিমিয়াম শো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ভূমিকা জনস্মৃতিতে রাখতে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান প্রজন্মের দায়িত্ব কী, তা স্মরণ করে দেয়ার জন্য জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান জনস্মৃতিতে রাখা প্রয়োজন। তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণে রেখে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই কখনো বেহাত হবে না। জুলাইয়ের গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচার চলছে, বিচার দৃশ্যমান। এই বিচার গ্রহণযোগ্য করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে খুনিদের বিচার সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়। ফ্যাসিবাদ যেন আর কখনো মাথাচাড়া দিতে না পারে, সেজন্য তিনি সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, রাজনৈতিক ঐকমত্য থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। জুলাই গণঅভ্যুত্থানে যে উদ্দেশে শহীদরা আত্মত্যাগ করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা শামসি আরা জামান। তারা তাদের শহীদ সন্তানসহ গণঅভ্যুত্থানে সকল শহীদের হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। প্রিমিয়ার শো অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজন, গণঅভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।