বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বার্তায় শোক জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শোকবার্তায় নেতারা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
এ সময় তারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপসহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
তারা আরো বলেন, পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান। আমৃত্যু আপসহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপসহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
প্রেস বিজ্ঞপ্তি



