সাতক্ষীরা প্রতিনিধি
ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা শহরের খড়িবিল এলাকায় অবস্থিত মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা শহর ছাত্রশিবির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক, মেধাভিত্তিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা এবং যোগ্য শিক্ষার্থী গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করছে।
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ছাত্রশিবির আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের সমালোচনাও করেন।
সরকারের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে শিবির সভাপতি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
কোরবানির শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
“ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান—শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসান। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি নুরুন নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং সাবেক শিবির সভাপতি মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ কয়েকশ সদস্য অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



