সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ঢাকা জেলার মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি বেগম রোকেয়া আনসার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বুধবার (১৩ আগস্ট) বেলা আড়াইটায় ৭৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বেগম রোকেয়া আনসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম রোকেয়া আনসারের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে নারীদের মাঝে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন, তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
প্রেস বিজ্ঞপ্তি



