শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

বিএনপির নতুন চার স্থায়ী কমিটির নেতা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার করেছেন।

অনলাইন প্রতিবেদক
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাচ্ছে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির নেতা
শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাচ্ছে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির নেতা |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটিতে সদ্য স্থান পাওয়া চার নেতা দলটির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশ ও জনগণের কল্যাণে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটিতে পদ পাওয়া চার নেতা রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার শ্রদ্ধা নিবেদন করতে গেলে সেখানে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের চারজনকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য মনোনীত করেছেন। যে আশা ও বিশ্বাস নিয়ে এই গুরুদায়িত্ব দেয়া হয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

রিজভী উল্লেখ করেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষক ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা হয়েছে।

সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, ‘দলের সাথে জনগণের এবং সরকারের সাথে জনগণের একটি মজবুত সেতু নির্মাণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করে তিনি যেকোনো ত্যাগের বিনিময়ে সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, এই মনোনয়ন কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; এটি জনগণের সেবা করার এক নতুন সুযোগ।

অন্যদিকে অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও জনমুখী দৃষ্টিভঙ্গি দেশের মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দলীয় অঙ্গীকার বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারের মাধ্যমে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।