ছবি যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদ জানিয়েছেন যাত্রাবাড়ী মহিলা দল নেত্রী শারমিন আক্তার রিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মিথ্যা তথ্যের ফটোকার্ডের ষড়যন্ত্রে জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শারমিন আক্তার ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী থানার মাতুয়াইলের স্থায়ী বাসিন্দা ও জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক।
সংবাদ সম্মেলনে রিতা জানান, ২০২৬ সালে ঢাকা-৫ আসনের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং ইন্টারভিউ দেন। দল থেকে এসময় তাকে ভবিষ্যতের জন্য আশ্বাস দেয়া হয়। এরই মাঝে তাকে যাত্রাবাড়ীর আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। একইসাথে তিনি এ এলাকার সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে মাঠে নামে। চক্রটি তার ঈদ শুভেচ্ছার পোস্টার থেকে ছবি নিয়ে তা যুক্ত করে মিথ্যা তথ্যের পোস্টার আকারে ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি জানিয়ে শারমিন আক্তার রিতা যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগটি এখন ডিবির সাইবার বিভাগে তদন্তাধীন।
সংবাদ বিএনপির এই নেত্রী মিথ্যা তথ্যের ফটোকার্ড বিষয়ে দলের সিনিয়র নেতাদের অবহিত করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। একইসাথে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে দেয়া চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।



