ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার বিকেলে বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবি করে স্লোগান দিতে দেখা গেছে সংগঠনটির নেতাকর্মীদের।
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে ওই অবরোধের কারণে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য।
তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।
এ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।



