গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার তীব্র নিন্দা খেলাফত মজলিসের

‘গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার শামিল।’

নয়া দিগন্ত অনলাইন
খেলাফত মজলিসের লোগো
খেলাফত মজলিসের লোগো

গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের পক্ষের নতুন রাজনৈতিক দল এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ও সমাবেশে ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (১৬ জুলাই) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর বর্বরতার শামিল। হামলায় এনসিপির নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন। পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলা হয়, গাছ কেটে রাস্তা অবরোধ করা হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

তারা আরো বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আবারো সংগঠিত হতে শুরু করেছে। এদেরকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ফ্যাসিবাদী অপশক্তি যাতে দেশের জানমালের আর ক্ষতি করতে না পারে সরকারকে সতর্ক হতে হবে। খেলাফত মজলিসসহ দেশপ্রেমিক জনতা এনসিপির পাশে আছে, ফ্যাসিস্ট খুনীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে।