লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তিন মেয়েকে হত্যার পর অভিযুক্ত ব্যক্তির গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, লক্ষ্মীপুরের রায়পুরে সংঘটিত এই মর্মান্তিক ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। একই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনাও আইনের শাসনের প্রতি মানুষের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, দেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নৃশংস হত্যাকাণ্ডসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।
জামায়াতের মহিলা বিভাগ এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে। পাশাপাশি ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করা হলে সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে।
বিবৃতিটি পাঠান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি।



