বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও `আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বুধবার (৯ জুলাই) সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে এ সাক্ষাৎ করেন।
এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
পরিবারের সাথে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রিজভী।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এ নেতা।
প্রতিনিধি দলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দু’টি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন ঋতুপর্ণা।



